রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে রায়হান নামে ১০ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় আলামিন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে রায়হান বাড়িতে ঘুমিয়ে ছিল। এ সময় পরিবারের সদস্যরা বাড়ির উঠানে গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ঘরে গিয়ে তাঁরা শিশুটিকে আর খুঁজে পাননি।
এরপর পরিবারের সদস্যরা বাড়ির আঙিনা, পুকুর, ডোবা ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে দীর্ঘ সময় পার হলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্তানকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ শিশু রায়হানের বাবার নাম রাসেল খান। শিশুটিকে উদ্ধারে পরিবারের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “শিশু নিখোঁজের ঘটনায় আলামিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।”
শিশুটির সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ রায়হানকে কোথাও দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত নিকটস্থ থানায় অথবা শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।




