রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিলীপ রায় (২৮) নামের এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ছলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিলীপ ওই ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের বাসীন্দা। তার বাবার নাম দেবেশ রায়। তিনি মৎস্য ব্যবসার পাশাপাশি পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দিলীপ রায় নিজ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কলাপাড়া চৌরাস্তা এলাকার মাছ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় ছলিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সেভেন ডিলাক্স নামের দূরপাল্লার একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৪৮ ঘণ্টায় এই সড়কে বাসচাপায় আরও দুইজন নিহত হয়েছেন।




