কলাপাড়ায় পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক হত্যায় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া পৌর সভার ১নং ওয়ার্ডের নাচনাপাড়া এলাকায় পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক হত্যার অপরাধে তানজিল নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

অভিযানকালে কলাপাড়া রেঞ্জের বন বিভাগের কর্মকর্তা ও অ্যানিমেল লাভার্স পটুয়াখালীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিলা ঘুঘু ও বক আইনটির তফসিলভুক্ত সংরক্ষিত বন্যপ্রাণী। এসব পাখি হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, বন্যপ্রাণী সংরক্ষণ, বন্যপ্রাণীর অপব্যবহার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইন প্রয়োগের মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বন্যপ্রাণী হত্যার মতো অপরাধ প্রতিরোধে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *