বঙ্গভবনের দরবার হলের দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার প্রথমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হতে যাচ্ছে সরকার প্রধান ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান।
আজ বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সংসদ সচিবালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার দিনটি শুরু হবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বিকাল ৪টায় দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন প্রথমে নতুন প্রধানমন্ত্রীকে এবং পরে মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন নতুন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে প্রায় এক হাজার ২০০ দেশী-বিদেশী অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা দিল্লির প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকছেন। এ ছাড়া বিদেশী অতিথিদের তালিকায় রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসার।
যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রারও অনুষ্ঠানে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তুরস্ক থেকে আসছেন তিন সদস্যের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এ বারিস ইকিঞ্চি।
শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে আইন উপদেষ্টা রোববার সাংবাদিকদের জানিয়েছেন। নতুন সরকারের এই শপথ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
উল্লেখ্য, এবারের শপথ অনুষ্ঠানে একটি বিশেষত্ব থাকছে। জানা গেছে, নির্বাচিত সংসদ সদস্যরা সাধারণ শপথের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবেও একটি পৃথক শপথ গ্রহণ করবেন।
সংসদ সদস্যদের শপথ পড়াতে সিইসিকে চিঠি
বিশেষ সংবাদদাতা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন আজ। সকাল ১০টায় তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তাই সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সিইসিকে চিঠি পাঠানো হয়েছে। গতকাল এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য সংসদ সচিবালয় থেকে চিঠি পাঠানো হয়েছে, আমরা পেয়েছি। আবার ইসি থেকে শপথ অনুষ্ঠান আয়োজনে সংসদ সচিবালয়ের সচিবকে চিঠি দেয়া হয়েছে।
এদিন সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। প্রথমে বিএনপি জোটের, এরপর জামায়াত জোটের এবং পরে স্বতন্ত্র প্রার্থীদের শপথ পড়াবেন তিনি।




