কুয়াকাটায় জেলের জালে ৪৩ মণ ইলিশ, ২০ লাখ ৬২ হাজারে বিক্রি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ সরকার ঘোষিত ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে সমুদ্রগামী জেলেদের মুখে ফুটেছে হাসি। প্রথম দিনেই পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকার করে ৪৩ মণ ইলিশ নিয়ে ঘাটে ফিরেছে একটি ট্রলার।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে মাছগুলো আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন ট্রলারের মাঝি ইউনুস মিয়া। পরে নিলামে আবদুল্লাহ ফিসে ২০ লাখ ৬২ হাজার টাকায় বিক্রি হয়।

মাঝি ইউনুস মিয়া বলেন, ‘বুধবার রাত ১২টায় ১৯ জন জেলেসহ এফবি তামান্না ট্রলার নিয়ে আমরা গভীর সমুদ্রে যাই। পায়রা বন্দরের কাছে জাল ফেলতেই ইলিশে ভরে যায়। বহুদিন পর এমন বড় সাফল্যে আমরা খুবই খুশি।’

এফবি তামান্না ট্রলারের মালিক ইউসুফ হাওলাদার বলেন, ‘ধারদেনা করে ট্রলার পাঠিয়েছিলাম। শুরুতেই এত মাছ পেয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।’

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এ বছর সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন করায় ইলিশের প্রজনন ভালো হয়েছে। ফলে সমুদ্রে এখন প্রচুর মাছ ধরা পড়ছে। আশা করছি, জেলেরা বিগত বছরগুলোর ক্ষতি পুষিয়ে নিতে পারবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *