কলাপাড়ায় একই ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

রাসেল মোল্লা, কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ

একই ঘরে দুই লাশ, এলাকাজুড়ে চাঞ্চল্য ভোরের নরম আলো ফুটতেই পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে নদীর তীরে এক ঝুঁপড়ি ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাতে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এ ঘটনাটি ঘটলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহতরা হলেন—সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (৬৫)। নিহত সিরাজউদ্দিনের বাড়ি মহিপুর থানার মোয়াজ্জেমপুর গ্রামে এবং আকলিমা বেগমের বাড়ি একই ইউনিয়নের পেয়ারপুর গ্রামে। আকলিমা ছিলেন সিরাজউদ্দিনের তৃতীয় স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সিরাজউদ্দিন আন্ধারমানিক নদীতে খেয়া নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নদীর পাড়ে একটি ঝুঁপড়ি ঘর তৈরি করে স্ত্রীকে নিয়ে সেখানে বসবাস করতেন তিনি।

স্থানীয় বাসিন্দা বাদল তালুকদার জানান, সকালে ফজরের নামাজের সময় সিরাজউদ্দিনকে না দেখে সন্দেহ হয়। পরে তাদের ঘরে গিয়ে দেখতে পান, সিরাজউদ্দিন মাটিতে পড়ে আছেন এবং তার স্ত্রী আকলিমা চৌকিতে শুয়ে আছেন। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সিরাজউদ্দিনের গলার নিচে ও শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ ছিল। ঘরের মেঝেতেও রক্তের দাগ পাওয়া গেছে। আকলিমার শরীরেও রক্তের ছোপ দেখা গেছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নয়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। পটুয়াখালী থেকে সিআইডি টিম ঘটনাস্থলে আসছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *